৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তে টুল বানাচ্ছে ইউটিউব

প্রতিদিনের ডেস্ক॥
দিন যত যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার তত বাড়ছে। গবেষণা থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েশন সব ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। সঙ্গে দেখা দিচ্ছে ঝুঁকিও। বিশেষ করে চেহারা ও কণ্ঠ ব্যবহার করে ফেক কনটেন্ট তৈরির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম অবশ্য সমস্যাটির মোকাবেলায় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে। তারা এমন কিছু টুল নিয়ে কাজ করছে যেগুলো প্লাটফর্মটির সঙ্গে যুক্ত শিল্পী ও ক্রিয়েটরদের চেহারা ও কণ্ঠ ব্যবহার করে অনুমতিবিহীন কনটেন্ট শনাক্তে কাজ করবে। খবর এনগেজেট।
ইউটিউব জানায়, মাধ্যমটিতে কোনো ব্যক্তির চেহারা বা কণ্ঠ ব্যবহার করে এআইয়ের সাহায্যে কনটেন্ট তৈরি করা হলে নতুন এ প্রযুক্তি তা শনাক্ত করতে পারবে, যা আগামী বছরের শুরুর দিকে পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু করা হবে। তবে নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
ইউটিউবের ক্রিয়েটর ও পার্টনার যারা আছেন তারা টুলগুলো ব্যবহার করতে পারবেন। তারা এর মাধ্যমে শুধু যে শনাক্তের কাজ করতে পারবে তা নয়, এআই জেনারেটেড অনুমতিবিহীন কনটেন্টগুলোর পরিণতি কী হবে তাও নির্ধারণ করা যাবে। এরই মধ্যে কনটেন্ট আইডিতে ‘সিনথেটিক-সিংগিং আইডেন্টিফিকেশন’ প্রযুক্তি নিয়ে কাজ করেছে ভিডিও শেয়ারিং জায়ান্টটি।
কনটেন্ট আইডি মাধ্যমটির স্বয়ংক্রিয় ব্যবস্থা, যার সাহায্যে ক্রিয়েটরদের কনটেন্টের সুরক্ষায় কপিরাইট নিশ্চিত করা হয়। প্রযুক্তিটির সাহায্যে গানের কণ্ঠ ব্যবহার করে এআই জেনারেটেড কনটেন্ট শনাক্ত করা এবং পদক্ষেপ নেয়া যাবে। বর্তমানে টুলটির পরিমার্জনে পার্টনারদের সঙ্গে কাজ করছে ইউটিউব। অন্যদিকে অনুমতিবিহীন কনটেন্ট শনাক্ত এবং সেগুলোর পরিণতি কী হবে তা ক্রিয়েটর ও পার্টনারদের নির্ধারণ করতে দিতে টুল নিয়ে কাজ চলছে।
সব মিলিয়ে ইউটিউব বলেছে, সাম্প্রতিক প্রাইভেসি আপডেটসহ নতুন এই টুলগুলোর মাধ্যমে এআই জেনারেটেড কনটেন্ট শনাক্ত ও ব্যবস্থাপনা কনটেন্ট ক্রিয়েটর ও মাধ্যমটির পার্টনারদের দখলে থাকবে।
ইউটিউবের ক্রিয়েটর প্রডাক্টসের ভাইস প্রেসিডেন্ট আমজাদ হানিফ বলেন, ‘আমি মনে করি, এআইয়ের মাধ্যমে মানুষের সৃজনশীলতা বৃদ্ধি পাওয়া উচিৎ, প্রতিস্থাপন নয়। ভবিষ্যতের অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের যে সাধারণ লক্ষ্য আছে তা পূরণে কাজ করে যাব।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়